শনাক্তের হার নেমেছে ৫ শতাংশের নিচে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:৪৫

বিশেষ প্রতিনিধি

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ২০ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৭০২ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। গতকাল মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৭০২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৩১ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২০ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৪২ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৬৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন হয়েছে।