বরিশালের মেহেন্দীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত আফসার হোসেন সিকদারের দাফন গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। গতকাল বাদ আসর পাতারহাট আব্দুল্লাহপুর জামে মসজিদ মাঠে জানাজা শেষে পৌরসভার বদরপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মেদ, পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজায় বক্তারা আওয়ামী লীগের নিবেদিত কর্মী আফসার হোসেন সিকদার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান, মেহেন্দীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মমিন উদ্দিন। ঘটনার পর থেকে মেহেন্দীগঞ্জ পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি মেহেন্দীগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভা নির্বাচন নিয়ে মেহেন্দীগঞ্জের সর্বত্র এখন উত্তেজনা বিরাজ করছে।
