স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ভাসানচরে আসা রোহিঙ্গাদের ভুল ভেঙেছে। তারা এখানে আসার আগে ভেবেছিল, এখানে এসে ঠিকমতো তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা হবে না, কষ্টে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাসানচরে থাকা-খাওয়ার যে সুব্যবস্থা করে রেখেছেন, তা দেখে তাদের ধারণা বদলে গেছে।
তিনি বলেন, ইতিমধ্যে ভাসানচরে আসা রোহিঙ্গাদের কাছ থেকে এখানকার সুব্যবস্থার কথা জানতে পেরে দলে দলে রোহিঙ্গারা ভাসানচরে আসার আগ্রহ প্রকাশ করছে। পর্যায়ক্রমে এখানে আরো অনেক রোহিঙ্গা স্থানান্তর করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার নবগঠিত ভাসানচর থানা উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৬ আসনের এমপি আয়েশা ফেরদাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, ভাসানচর আশ্রয়ন প্রকল্পের পরিচালক কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সাবেক এমপি মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধান অতিথির উদ্বোধনের মধ্য দিয়ে নোয়াখালীর দশম থানা হিসেবে ভাসানচর থানার যাত্রা শুরু হলো। ভাসানচর আশ্রায়ন প্রকল্প-৩-এ বসবাসকারী মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাসহ অন্যদের নিরাপত্তায় ও আইনশৃঙ্খলা নিশ্চিতের জন্য একজন ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ), দুই জন এসআই, চার জন এএসআই ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৪টি পদ নিয়ে ভাসানচর থানার যাত্রা শুরু হলো।
