সরকার করোনা ভ্যাকসিন নিয়েও দুর্নীতি করছে -------------ফখরুল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:৪৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই, সে কারণে ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি নীরব ছিলেন না। তিনি সরাসরি যুদ্ধ করেছেন। রণাঙ্গনে থেকে যুদ্ধ করে তিনি দেশকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। শুধু তাই নয়, ৭৫ সালে যখন জাতি তার ওপরে দায়িত্ব অর্পণ করে তখন তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, মীর সরাফত আলী সপু, আমিরুল ইসলাম আলীম, ইসতিয়াক আজিজ উলফাত, সাইফুল আলম নীরব, মোরতাজুল করিম বাদরু, সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদল নেতা ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পরে নয়া পল্টনের কার্যালয়ের জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ উদ্বোধনে বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ ভ্যাকসিন পাবেন কি না নিশ্চিত নই, ধনীরা পাবেন সেটা নিশ্চিত।