অবশেষে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার খুলছে আজ। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আজ মিরপুর স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে হবে ২২ জানুয়ারি। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ২৫ জানুয়ারি। এরপর চট্টগ্রামের মাঠেই প্রথম টেস্ট আর ঢাকায় ফিরে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। সবকিছুই ধীরে ধীরে আবার সচল হতে শুরু করেছে করোনাকে সঙ্গী করে। উপমহাদেশে বাফুফে প্রথম নেপালকে ঢাকায় এনে বঙ্গবন্ধুর নামে ফুটবল সিরিজের আয়োজন করে। করোনাকালে এবারই প্রথম কোনো বিদেশি ক্রিকেট দল ঢাকার মাঠে। আর ৩১৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ। বাংলার ক্রিকেট অনুরাগীরা মুখিয়ে আছে সাকিব-তামিমদের ২২ গজের পিচের ঝড় দেখতে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটে অনেক ঘটনা ঘটেছে। মাশরাফি বিন মুর্তজা বাদ পড়লেন। ইনজুরির কারণে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি অনেক বার ছুরি-কাঁচির নিচে পড়েছিলেন। ইনজুরি কাটিয়ে আবার মাঠের লড়াইয়ে অগ্নিমূর্তি দেখিয়েছেন। অধিনায়ক মাশরাফি ওয়ানডে দলটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। নতুন অধিনায়ক আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। মাশরাফির পর তামিমের জন্য চ্যালেঞ্জটা কঠিন হলেও প্রমাণ করতে চান, অসম্ভব কিছু নেই। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ৩ নম্বরে ব্যাট করা সাকিবকে সরিয়ে ৪ নম্বরে দেওয়া হয়েছে। সাকিবের জন্য এটি চ্যালেঞ্জ হলেও হতে পারে। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখেই লক্ষ্য নির্ধারণ করছে বাংলাদেশ। তাই তিন তরুণ ক্রিকেটারকে লম্বা পথের সঙ্গী করতে জাতীয় দলে নেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ক্রিকেটারদের গায়ে উঠছে নতুন নকশার জার্সি। দর্শক মাঠে গিয়ে খেলা দেখতে পারবে না। টিভির পর্দায় দেখতে হবে।
স্যার ভিভ রিচার্ডস, স্যার ক্লাইভ লয়েড, মাইকেল হোল্ডিং, ব্রায়ান লারার উত্তরসূরিদের নিয়ে গড়া বর্তমান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একাধিক খেলোয়াড় এর আগে কখনো ঢাকায় আসেননি। বলা হচ্ছে দুর্বল দল। তাতে সাকিব-তামিমদের কী যায়-আসে? সাকিবদের চোখে প্রতিপক্ষ সব সময় শক্তিশালী। টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো সাফ জানিয়ে দিয়েছেন, তার ছেলেরা আজ মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। সেরাটা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
সবশেষ কথা হচ্ছে, এই সিরিজ শুধু খেলার জন্য খেলা নয়; এটি ২০২৩ বিশ্বকাপেরও বাছাই। আইসিসি থেকে এটিকে বলা হয়েছে ওডিআই সুপার লিগ, যেখানে ১৩টি দল খেলবে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে। সবাই সবার বিপক্ষে খেলবে। এই ১৩ দেশের মধ্যে বিশ্বকাপ আয়োজক স্বাগতিক দেশ সরাসরি মূল পর্বে খেলবে। আর সেরা সাত দেশকে কোয়ালিফাই করে বিশ্বকাপে খেলতে হবে। এর পরও সাত দেশের নিচে আরো পাঁচটি দেশ থাকবে। নিচের সেই পাঁচ দেশ আইসিসির অন্যান্য সহযোগী দেশের বিপক্ষে বাছাই খেলবে। সেই বাছাই থেকে দুটি দেশ বিশ্বকাপে যোগ দেবে। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলবে ১০ দেশ। বাংলাদেশ যদি সরাসরি বিশ্বকাপে খেলতে চায়, তাহলে সেরা সাত দেশের তালিকায় থাকতে হবে। (আরো খবর খেলার পাতায়)
