মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:৫২

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দিকা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফুলহারা গ্রামের মো. শহীদের ছেলে মো. মঞ্জুর রহমান, ছুরমান খাঁর ছেলে মোয়াজ্জেম হোসেন, রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া, গগন খাঁর ছেলে মো. আজিজুল হক এবং গগন খাঁর মেয়ে ফেলী বেগম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ১৮ জুন বিকালে আশরাফ আলীকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।

এরপর নিহতের ভাই মুনসুর আলম ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা করেন। ২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেয় এবং পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেয়।