বিটিভিতে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই :সংসদে তথ্যমন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:১৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংসদকে জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই। গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মোজাফফর হোসেন তার প্রশ্নে বলেন, ‘দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিভিন্ন হারবাল, ইউনানী ও হোমিও চিকিত্সায় এমন বিজ্ঞাপন প্রচার হচ্ছে যেন এমন কোনো রোগ নাই, যা তাদের ওষুধে ভালো হয় না। প্রতারণামূলক এসব বিজ্ঞাপনের প্রচার বন্ধসহ বিজ্ঞাপনদাতাদের আইনে সোপর্দ করার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না এবং উত্তর না-সূচক হলে, তার কারণ কী?’

জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিত্সা ও এ সংক্রান্ত প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচার করে না। বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা ও তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা অনুসরণ করে থাকে। এক্ষেত্রে বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিত্সা ও এ সংক্রান্ত প্রতারণামূলক কোনো বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই।

১৫ রাষ্ট্রায়ত্ত চিনিকলের ১৪টিই লোকসানে :শিল্পমন্ত্রী

এদিকে, সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সংসদকে জানান, বাংলাদেশে চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকল রয়েছে; এর মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড লাভজনক এবং বাকি ১৪টি মিল অলাভজনক।

কোনো চিনিকল বন্ধ করা হয়নি জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, চলতি ২০২০-২০২১ মৌসুমে ছয়টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কোনো চিনিকল বন্ধ করা হয়নি। চিনিকল বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।