সাঈদ খোকনের বিরুদ্ধে এক মামলা খারিজ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়েরকৃত মানহানির দুটি মামলার একটি খারিজ করে দিয়েছে আদালত। মামলার বাদী আদালতে হাজির না হওয়ায় তা খারিজ করে দেন ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ। এছাড়া অপর মামলাটি বাদী প্রত্যাহার করে নিয়েছেন।

ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে বিষোদগার করে বক্তব্য দেওয়ার অভিযোগে দুটি মানহানির মামলা করা হয় সাঈদ খোকনের বিরুদ্ধে। গত ১১ জানুয়ারি কাজী আনিসুর রহমান ও আইনজীবী সারওয়ার আলম বাদী হয়ে ঐ দুটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বাদীর জবানবন্দি গ্রহণ করে তা আদেশের জন্য রাখা হয়। এর মধ্যে বাদী সারওয়ার আলম তার মামলাটি প্রত্যাহার করে নেন। আরেক বাদী আনিসুর রহমানের মামলাটি গতকাল মঙ্গলবার খারিজ করে দেয় আদালত।