সাভারে আদালতের নির্দেশে দখলমুক্ত হলো ২৪ শতাংশ জমি

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:২১

সাভারে আদালতের নির্দেশে স্থানীয় এক কাউন্সিলরের দখলে থাকা প্রায় দেড় কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। উচ্ছেদ অভিযান শেষে দীর্ঘদিন ধরে দখল করে রাখা ২৪ শতাংশ জমি উদ্ধার করে আদালত কর্তৃক ডিক্রিদার আব্দুস সোবহানকে বুঝিয়ে দেওয়া হয়। সোমবার দুপুরে পৌর এলাকার রাজাশন মহল্লায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ।

জমির মালিক আব্দুস সোবহান জানান, পাঁচ বছর পূর্বে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া তার ক্রয় করা ২৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। পরবর্তী সময়ে তিনি অবৈধ দখলমুক্তের জন্য আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশনা নিয়ে গত বছর জমিটির দখল বুঝে নিতে এলে সেলিম মিয়ার সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালিয়ে মারধর করে। পরবর্তী সময়ে তিনি বিষয়টি আদালতের দৃষ্টিতে নিয়ে এলে সোমবার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত ঢাকার নির্দেশনা অনুযায়ী পুলিশের সদস্য এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমিতে দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কাউন্সিলর সেলিম মিয়া বলেন, আমি ক্রয় সূত্রে ২৪ শতাংশ জমি বুঝে পেয়ে দীর্ঘদিন ধরে মার্কেট নির্মাণ করে ভোগ দখল করে আসছি। আব্দুস সোবহান যে জমির ডিক্রি দাবি করেন তা অন্য দাগের জমি, আমার জমির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি এর বিরুদ্ধে আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করব।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে ২৪ শতাংশ জমির ওপর থাকা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আদালতের দেওয়ানি ডিক্রিধারী আব্দুস সোবহান বরাবর দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।