শ্রীপুরে দলবদ্ধধর্ষণ মামলার প্রধান আসামিসহ আরো পাঁচ ধর্ষক গ্রেফতার

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:২৩

গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ অপহরণ ও গণধর্ষণ মামলার প্রধান আসামি, চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে চার জন ও জামালপুরের বকশীগঞ্জে গার্মেন্টস কর্মী ধর্ষণের ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে কলেজছাত্রীর অশ্লিল ছবি পোস্টকারী প্রতারককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকা হতে জোরপূর্বক অপহরণ করে গাজীপুরের শ্রীপুরে এনে দলবদ্ধ ধর্ষণ ও তা ভিডিও ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রধান আসামি সোহাগকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজড্ কোম্পানির অধিনায়ক লে. কর্নেল মো. মুনির হাসানের নেতৃত্বে অভিযানে জয়দেবপুর থানার মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার কার হয়। এসময় তার কাছ থেকে ধর্ষণের এবং পর্নোগ্রাফির ভাইরাল ভিডিওসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ মিয়া ভালুকা থানার ভরাডোবা গ্রামের মো. আলাল মিয়ার পুত্র।

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, সোমবার ফরিদগঞ্জের সৈয়দপুর গ্রামে ভিক্ষুকের শ্রবণপ্রতিবন্ধী এক কিশোরীকে কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে দলবেঁধে গণধর্ষণ করে সিএনজি স্কুটার ও ইজিবাইক চালকসহ ছয় যুবক। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করে মঙ্গলবার চাঁদপুর আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হলো জামাল হোসেনের ছেলে টিটু, আইটপাড়া গ্রামের আ. মান্নানের ছেলে শিপন, একই গ্রামের মিজানুর রহমান রিপন ও কামতা গ্রামের আ. মালেক।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়ন পরিষদ ভবনে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে নীলাক্ষিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ধর্ষক নাজমুল হক বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ জানুয়ারি রাতে বাবু জন্ম নিবন্ধনের কাগজ করে দেওয়ার কথা বলে ঐ নারীকে ইউনিয়ন  পরিষদ ভবনে ডেকে নিয়ে অপর একজনের সহায়তায় জোরপূর্বক ধর্ষণ করে।

এদিকে গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, ফেসবুকের মাধ্যমে আলাপচারিতার সূত্র ধরে সম্পর্ক স্থাপন করে গোয়ালন্দের এক কলেজছাত্রীর অশ্লিল ছবি পোস্ট করার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের হাটহাজারী থেকে রিয়াজ উদ্দীন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়।