রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টের মালিক মিহির রায়। গত ১৪ জানুয়ারি ৮০ বক্স খাবার অর্ডার নিতে তার সঙ্গে বাসায় যেতে হবে বলে অনুরোধ করেন এক ক্রেতা। এরপর থেকে নিখোঁজ ছিলেন মিহির। ঘটনার তিন দিন পর সোমবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশ তাকে দক্ষিণখান এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয় মিরাজ নামে এক ব্যক্তি ও তার স্ত্রী বৃষ্টিকে। তবে এ সময় চক্রের আরো কয়েক জন সদস্য পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, এই চক্রটি বেশ কিছুদিন ধরে অভিনব কায়দায় অপহরণ করত। অপহরণের পর তারা হাত, পা, মুখ ও কালো কাপড় দিয়ে চোখ বেঁধে গোপন আস্তানায় নিয়ে যেত। এরপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আদায় করত বিপুল পরিমাণ টাকা। গ্রেফতারকৃতরা গত এক মাসে তিন থেকে চারটি অপহরণের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় অপহরণ মামলা করা হয়েছে। রিমান্ডে এনে চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য বের করা হবে বলে তিনি জানান ।
