এন-৯৫ মাস্ক সরবরাহের দুর্নীতির মামলায় জে এম আই লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাককে নিম্ন আদালতের দেওয়া জামিন বহাল রেখেছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন।
গত ১৫ অক্টোবর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ রাজ্জাককে জামিন দেন। ঐ জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। গত ৩০ নভেম্বর ঐ জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। ঐ রুলের চূড়ান্ত শুনানি নিয়ে নিম্ন আদালতের জামিন বহাল রাখার বিষয়ে রায় দেয় হাইকোর্ট।
রায়ে হাইকোর্ট বলেছে, নিম্ন আদালতের জামিন আদেশে বেআইনি কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। রুলটি খারিজ করা হলো। মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন। এছাড়া বিচারিক আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
করোনাকালে জেএমআইয়ের বিরুদ্ধে নকল মাস্ক সরবরাহের অভিযোগ উঠে। পরে ঐ অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর দুদক মামলা করে। সেদিনই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নিম্ন আদালত থেকে তিনি জামিন পান।
