যৌনকর্মীদের সন্তানেরা পাচারের ঝুঁকিতে ---মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:৪০

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, যৌনকর্মীদের শিশু সন্তানেরা মানব পাচারের ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুদের শোষণ ও নির্যাতনের চেয়ে জঘন্য কোনো অপরাধ নেই। গতকাল মঙ্গলবার ‘শিশুদের জন্য আমরা’ শিশু নিবাস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা এই প্রকল্পের প্রতিষ্ঠাতা সভাপতি হাজেরা বেগমের সঙ্গে পথশিশুদের সহায়তা ও যৌনপাচার বন্ধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সাবেক যৌনকর্মী হাজেরা বেগম আশ্রয়কেন্দ্র এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অন্য পথশিশুদের জোরপূর্বক যৌনকর্মী হওয়া থেকে রক্ষায় তার দর্শন নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ তার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অভিযাত্রায় কেউ যাতে পিছিয়ে না থাকে সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রদূত মিলার মানব পাচার রোধে কাজের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত অংশীদারিত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রদূতের শিশু নিবাস পরিদর্শন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলোর অন্যতম। বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র সকলকে শিশু নির্যাতন সংশ্লিষ্ট যে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপের তথ্য ফোনের মাধ্যমে ৯৮৭ নম্বরে কল করে ন্যাশনাল চাইল্ড হেল্পলাইনে জানাতে উত্সাহিত করে থাকে।