বন্ড সুবিধায় আনা প্লাস্টিক পণ্যের ছয় কাভার্ড ভ্যানভর্তি বিপুল পরিমাণ কাঁচামাল (পিপি দানা) খোলাবাজারে বিক্রির চেষ্টা প্রতিহত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা বিভাগ। সূত্র জানায়, নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেড এবং গাজীপুরের ভবানীপুর এলাকার ইউরো গোল্ড এক্সেসরিজ নামে দুটি প্রতিষ্ঠান আলোচ্য পিপি দানা বন্ডেড ওয়্যারহাউজের আওতায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে। কিন্তু কিন্তু এসব কাঁচামাল দিয়ে পণ্য তৈরি না করে তা অবৈধভাবে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে অপসারণের সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। ছয় কাভার্ড ভ্যানভর্তি ঐ পিপি দানার ওজন ৭৪ হাজার ২৫০ কেজি। এতে প্রায় ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়।
রপ্তানির শর্তে বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সেসরিজের কাঁচামাল আমদানিতেও শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে সরকার। গার্মেন্টস পণ্য তৈরি, প্যাকিং কিংবা রপ্তানির সময় এসব প্লাস্টিক পণ্য তথা এক্সেসরিজ ব্যবহার হয়ে থাকে। এটি প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে পরিচিত। তবে শর্ত হলো এসব কাঁচামাল (পিপি দানা) নির্দিষ্ট গুদামে রেখে তা দিয়ে তৈরি পণ্য রপ্তানি হতে হবে। কিন্তু শুল্কমুক্ত সুবিধায় এনে এসব কাঁচামাল খোলাবাজারে বিক্রি হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ।
