ক্যাপিটল হিলে হামলার দিন পুতিনের সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প : হিলারি

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:৪০

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দাবি করেছেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন রেকর্ড দেখতে পারলেই তিনি খুশি হবেন বলেও উল্লেখ করেন। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে এক আলোচনায় হিলারি এসব দাবি করেন। খবর ডেইলি মেইলের

হিলারি বলেন, ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্ট ট্রাম্পের ভিন্ন কোনো এজেন্ডা ছিল। আশা করি, একদিন প্রকাশিত হবে কে ট্রাম্পকে পেছন থেকে চালিয়েছে। তবে ট্রাম্প কিভাবে গণতন্ত্রকে তুচ্ছ করেছেন তার গভীরে হয়তো  কোনোদিন যাওয়া যাবে না। এদিকে ট্রাম্পের সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার দাবি করেছেন, নির্বাচন নিয়ে ট্রাম্পের জালিয়াতি সংক্রান্ত বক্তব্য পূর্বপরিকল্পিত। তিনি বলেন, এসব বক্তব্যই ক্যাপিটল হিলে হামলা চালাতে উত্সাহিত করে। বার ব্রিটেনের আইটিভিকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, হামলার ঘটনায় দু:খ পেলেও বিস্মিত হইনি। গত ২৩ ডিসেম্বর নির্বাচনে জালিয়াতি ইস্যুতে মতবিরোধের জেরে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন উইলিয়াম বার। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেলও বলেছেন, ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটেছে প্রেসিডেন্ট উসকানিতে।