বিনোদন রিপোর্ট
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক নিজের ক্যারিয়ারে বেশকিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বর্তমান সময়ে তার হাতে রয়েছে একাধিক ছবির কাজ। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই দারুণ চমক নিয়ে হাজির হলেন তিনি। একসঙ্গে ৩টি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। আর এই তিন ছবিতেই তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। এর আগে এই জুটি ‘পোড়ামন’ ও ‘জান্নাত’ ছবিতে জুটি দেখেছেন দর্শকরা। ছবি দুটি ব্যবসায়িকভাবেও সফল হয়। এছাড়া সাইমন-মাহী অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবিটিও বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। জানা গেছে, গত ১৮ জানুয়ারি তারা ‘গ্যাংস্টার’, ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ শিরোনামের ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিগুলো একই প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হবে। এ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ৩টি ছবিতেই আমার সঙ্গে থাকছেন মাহিয়া মাহী। এর মধ্যে গ্যাংস্টার ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন এবং লাইভ ও নরসুন্দরী ছবি দুটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।’
শিগগিরই ছবিগুলোর শুটিং ধারাবাহিকভাবে শুরু হবে। সাইমন বলেন, ‘এই মাসের শেষ দিকে লাইভ ছবিটির শুটিং দিয়ে আমাদের কাজ শুরু হবে। এছাড়া ফেব্রুয়ারি ও মার্চে গ্যাংস্টার ও নরসুন্দরীর কাজ শুরু হবে।’ ছবিগুলো এ বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ছবিগুলোর প্রযোজক সেলিম খান।
