গ্রাম প্রধান বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের নেতৃত্বে গ্রাম তথা ইউনিয়নগুলো পরিচালিত হয়। এই ক্ষুদ্র ইউনিটগুলোর সামষ্টিক রূপ দেশের মূল কাঠামো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি ইউনিয়নের সব ওয়ার্ডের জনসাধারণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, যিনি ইউনিয়ন পর্যায়ের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ওয়ার্ডভিত্তিক ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ নির্বাচিত হন, যাঁরা সেই গ্রামগুলোর প্রতিনিধিত্ব করেন এবং তাঁদের প্রশাসনিক নানান গুরুদায়িত্ব পালন করতে হয়। সেই প্রতিনিধিরা যদি হন অক্ষরজ্ঞানহীন, তখন যোগ্য নেতৃত্বের প্রত্যাশা সেখানে অবান্তর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান ও মেম্বারদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানান আলোচনা-সমালোচনা হয়েছে। বর্তমান সমাজব্যবস্থায় এমন কোনো গ্রাম নেই যেখানে শিক্ষার আলো পৌঁছেনি। অথচ সেখানে শিক্ষিতসমাজ আজো অশিক্ষিত, অদূরদর্শী নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এ সমস্যা সমাধানে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাঈমা আক্তার রিতা
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
