ইত্তেফাক রিপোর্ট
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, হয়রানির চেষ্টা ও ধর্ষণ মামলায় বনানীর আলোচিত ব্যবসায়ী জহুরুল ইসলাম জহির গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাত ২টায় রাজধানীর পল্লবী থানা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এর আগে নারী ও শিশু অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মঙ্গলবার এই থানা মামলা গ্রহণের পর জহিরকে গ্রেফতারে পল্লবী থানা পুলিশের সহযোগিতা নিয়ে অভিযানে নামে পুলিশ।
মামলার এজহারে দেওয়া অভিযোগ থেকে জানা যায়, বনানীতে বসবাসকারী এক নারীকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, নানাভাবে হয়রানি ও ধর্ষণ করে আসছিলেন বনানীর আলোচিত ব্যবসায়ী, এডব্লিউআর নামে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানে চাকরিরত কর্মকর্তা জহুরুল ইসলাম জহির। তার হাত থেকে রক্ষা পেতে ঐ নারী বনানী থানায় গত ২২ ডিসেম্বর জিডিও করেছিলেন। বিষয়টি নিয়ে বনানী থানায় মামলা দায়েরের চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হলে গত ১৯ জানুয়ারি ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাজধানীর উত্তরা পশ্চিম থানাকে মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। এরপর মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করে। পুলিশ এই মামলার আসামি জহিরকে গ্রেফতার করে। বনানীর একাধিক সূত্র জানায়, বনানীর এই ব্যবসায়ী তার নানা কর্মে আলোচিত-সমালোচিত ছিলেন। তিনি নিজেকে রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জাহির করতে পুলিশ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বন্ধু বলে মিথ্যা পরিচয় দিতেন। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও হয়রানি করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
