উত্তরে শীত কমছে বাড়ছে কুয়াশা

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫১

সৈয়দপুরে বিমান চলাচল ব্যাহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে শীতের দাপট কিছুটা কমলেও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই অঞ্চল। কুয়াশার কারণে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। আর সড়ক ও মহাসড়কে দিনের বেলায়ও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের আঞ্চলিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন,  কয়েক দিন ধরেই এই অঞ্চল দিয়ে প্রবাহিত শৈত্যপ্রবাহটি গত সোমবার রাতেই দূরীভূত হওয়ায় দিনাজপুরে এক দিনের ব্যাবধানে তাপমাত্রা বেড়েছে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল উত্তরাঞ্চলের সব জেলাতেই তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। শীতের দাপট কমলেও ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়েছে দিনাজপুরসহ এই অঞ্চল। সূত্র আরো বলেছে, গতকাল বুধবার গভীর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে শীতের তীব্রতা আরো বাড়বে।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, ঘন কুয়াশা ও মাঝারি শৈত্যপ্রবাহে দুর্ভোগ কমেনি নীলফামারীর সৈয়দপুর অঞ্চলে। দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় সৈয়দপুরে উড়োজাহাজগুলো শিডিউল ঠিক রাখতে পারছে না। সকালের বিমানগুলো বিকালে বা সন্ধ্যার আগে আকাশ পরিষ্কার হওয়ার পর ওঠানামা করছে।  সৈয়দপুর আবহাওয়া অফিস জানায়, গত মঙ্গলবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার ১০ দশমিক ৮ ও রবিবারে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত মঙ্গলবার ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসে ৫০০ থেকে ৭০০ মিটারে। উড়োজাহাজ ওঠানামায় ১ হাজার ৮০০ মিটার দৃষ্টিসীমা প্রয়োজন। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এয়ারলাইনস ও নভোএয়ারের ১১টি ফ্লাইটের যাত্রীরা প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন। বিমানবন্দরের ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে প্রায়ই বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে করে বিমানবন্দরে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আরো দু-এক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে, এরপর পরিস্থিতির উন্নতি হবে।