সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৪

বঙ্গবন্ধু হিমালয় ওয়াচ টাওয়ার অ্যান্ড কমপ্লেক্স নির্মাণের দাবি

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে বঙ্গবন্ধু হিমালয় ওয়াচ টাওয়ার অ্যান্ড কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছে পঞ্চগড় পর্যটন উন্নয়ন পরিষদ। এ দাবিতে বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে পঞ্চগড় পর্যটন উন্নয়ন পরিষদের উপদেষ্টা পরিষদের সভাপতি ও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান, কার্যনির্বাহী কমিটির সভাপতি ও পঞ্চগড় মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. হাসনুর রশীদ বাবু, সাধারণ সম্পাদক ও ফুটকিবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. শাহ্ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বরিশালে শহিদ আসাদ দিবস পালিত

বরিশাল অফিস শ্রদ্ধা নিবেদন এবং আলোচনাসভার মধ্যদিয়ে বরিশালে শহিদ আসাদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ৯টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত শহিদ আসাদের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহিদ আসাদ পরিষদের সভাপতি ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা খান আলতাফ হোসেন ভুলু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শিক্ষকনেতা অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা জাসদ সভাপতি আবদুল হাই মাহাবুব, জেলা গণফোরাম সভাপতি হিরন কুমার দাস মিঠু, জেলা বাসদ সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী এবং জেলা শহিদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী।

রংপুরে যুবক-যুবতিদের মধ্যে ব্যাবসায়িক উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে ৩০৬ জন যুবক-যুবতিকে প্রশিক্ষণ-পরবর্তী উপকরণ বিতরণ করেছে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি-এমজেএসকেএস। মঙ্গলবার ডিসি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি মো. আসিব আহসান। রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. দিলগীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এডিসি (সাধারণ) মো. গোলাম রব্বানী, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. ফারুক আলম প্রমুখ।