ইত্তেফাক রিপোর্ট
আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য মীর আখতার হোসাইন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ৫৬ কোটি ৮ লাখ টাকার বিপরীতে ৬১৯ কোটি ৪৪ লাখ টাকার বা ১১ দশমিক ০৪ গুণ আবেদন জমা পড়েছে। গত ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এরও আগে গত ৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে।
