ক্ষতিপূরণ চান জুলফার বাংলাদেশের চাকরিচ্যুতরা

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারিকালে কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধ না করে অন্যায়ভাবে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও ছাঁটাই করছে জুলফার বাংলাদেশ লিমিটেড। দীর্ঘ এক বছর ধরে তাদের ঘোরাচ্ছে। শুধু তাই নয়, প্রতিবাদ করতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গতকাল বুধবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানির খুলনার সাবেক জোনাল ম্যানেজার এ এইচ এস ইউসুফ হায়দার পলাশ। উপস্থিত ছিলেন ময়মনসিংহ এরিয়ার সাবেক ম্যানেজার মো. রাশেদুজ্জামানসহ বেশ কয়েক জন চাকরিচ্যুত কর্মকর্তা। সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ২০১৭ সাল থেকে ক্রমান্বয়ে অনৈতিকভাবে কর্মচারীদের বাধ্যতামূলক চাকরিচ্যুত করতে শুরু করে জুলফার বাংলাদেশ। অন্যদিকে গত বছরের ১৩ জুলাই জুলফার বাংলাদেশের শেয়ার রেডিয়েন্ট গ্রুপের কাছে বিক্রি করে; কিন্তু আমাদের কোনো লিখিত চিঠির মাধ্যমে জানানো হয়নি। শুধু মৌখিকভাবে বলা হয়েছিল, জুলফার বাংলাদেশ লিমিটেডের সব কর্মকর্তা-কর্মচারীকে রেডিয়েন্ট গ্রুপে হস্তান্তর করা হয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বাদ দেওয়া হবে না বলে আশ্বস্ত করা হলেও রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধ করা হচ্ছে না।