এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল :তামিম

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৭

স্পোর্টস রিপোর্টার

স্ট্রাইকরেট নিয়ে বরাবরই প্রশ্নের সম্মুখীন হতে হয় তামিম ইকবালকে। এই প্রসঙ্গে অবিরতভাবেই নিজের অবস্থান তুলে ধরতে ধরতে ক্লান্ত তিনি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ অধিনায়কের স্ট্রাইকরেটে বদল আসেনি। ৬৯ বলে ৭ চারে ৪৪ রানে করে আউট হন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহামেদের বলে। যেখানে স্ট্রাইকরেট ছিল ৬৩.৭৭।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপ অবশ্য ছিল না, তবে অমন রক্ষণাত্মক খেলার উল্লেখযোগ্য কারণও আছে। কেননা কাল মিরপুরে উইকেটটি বোলারদের জন্য ছিল সোনায় সোহাগা। সূর্য তো দেখা দেইনি, তার ওপর বৃষ্টির কারণে ঘণ্টাখানেক বন্ধও থাকে খেলা। তাতে উইকেট রূপ নেয় টেস্ট ক্রিকেটের পঞ্চম দিনের মতোন। আগে বোলিং করে প্রকৃতির দেওয়া সুযোগের সদ্ব্যবহার করেন সাকিব আল হাসানরা।

এমন উইকেট পালটা আঘাত দেয় উইন্ডিজরাও। বড়সড়ো টার্নে টাইগার ব্যাটসম্যানদের ঘাম ঝরান অভিষিক্ত আকিল হোসেন। বাঁহাতি এই স্পিনারের বলেই ফেরেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও সাকিব।

আরেক প্রান্ত থেকে অধিনায়ক জেসন মোহাম্মেদও কম যাননি। রয়েসয়ে এগোতে থাকা বাংলাদেশ অধিনায়ককে ফেলেন স্টাম্পিংয়ের ফাঁদে। তবে ততক্ষণে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তামিমের মন্থর ইনিংসের পর বাকি কাজটা সারেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এমন উইকেটে ব্যাটিং করাটা যে খুব একটা সহজ ছিল না। তবু তামিম যেভাবে খেলছিলেন তাতে ম্যাচ শেষ করে না আসার কোনো কারণও ছিল না। কিন্তু তাকে শেষ পর্যন্ত ধৈর্য হারাতেই হলো। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘এই উইকেটে ব্যাটিং করা খুব কঠিন ছিল। এখানে আক্রমণাত্মক ব্যাটিং করা সম্ভব নয়। শুরুতে আমার উইকেট দেখে তেমন ধারণাই হয়েছিল। কিছুই করার ছিল না, কেননা সূর্য উঠেনি। সত্যিকার অর্থে কাউকে দোষারোপ করার সুযোগ নেই। এই ধরনের উইকেটে ধৈর্য সহকারে বুঝেশুনে ব্যাটিং করা জরুরি। আমার মনে হয় যেই ব্যাটিং করেছে দায়িত্ব নিয়েই ব্যাটিং করেছে।’

ব্যাটসম্যানদের জন্য খেলাটা কঠিন হলেও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট তামিম। তিনি আরো বলেন, ‘আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। মোস্তাফিজ দারুণ শুরু করেছে। রুবেলের শুরুটা খুব ভালো ছিল। আমাদের স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। তরুণ পেসার হাসান দারুণ বোলিং করেছে। স্পিনাররা অসাধারণ ছিল। সাকিব দারুণ বোলিং করেছে। মিরাজ ভালো করেছে।’