চলে গেলেন ক্রিকেটের অগ্রযাত্রার কারিগর রাইসউদ্দিন

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

করোনা মহামারির ধাক্কা সামলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তনের রোমাঞ্চে মুখর তখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। কিন্তু টসের পরই বুধবার সকালে স্টেডিয়ামে জুড়ে নিস্তব্ধতার সুর নেমে আসল বিসিবির সাবেক সহসভাপতি ও সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদের (৮২) চিরবিদায়ের খবরে। গতকাল সকাল সাড়ে ৯টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার কারিগর রাইসউদ্দিন গত ২৫ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। করোনাকে হারাতে পারলেও তার ফুসফুসে সংক্রমণ বেড়ে যায়। শেষ কিছুদিন লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাকরাইলে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় রাইসউদ্দিনকে।

গতকাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিরতিতে প্রেসবক্সে এসে সাবেক ক্রিকেটার রকিবুল হাসান শ্রদ্ধাভরে স্মরণ করে গেলেন, দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় রাইসউদ্দিনের অবদান। রকিবুলের মতে, সদ্য প্রয়াত এই সফল সংগঠকের কাছে বাংলাদেশের ক্রিকেটের অনেক ঋণ। ১৯৭৫ সাল থেকে ১৯৮১ পর্যন্ত ছয় বছর তত্কালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৯১ থেকে ২০০১ সাল অব্দি বিসিবির সহসভাপতিও ছিলেন। তার ঐকান্তিক প্রয়াসেই প্রথম বিদেশি ক্রিকেট দল হিসেবে ১৯৭৬ সালে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) বাংলাদেশ সফর করে। এমসিসির ঐ সফরের পরই ১৯৭৭ সালে আইসিসির সহযোগী সদস্য পদ পায় বাংলাদেশ। ১৯৮২ সালে এমসিসির আজীবন সদস্যপদও লাভ করেন তিনি।

 শোক জানিয়েছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটে তার অবদানের কথা উল্লেখ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দেশের ক্রিকেটের শুরুর সংগ্রামের সময়ে তার মতো সংগঠকের নিঃস্বার্থ চেষ্টাতেই ক্রিকেটে বাংলাদেশ আজকের এই অবস্থানে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন তিনি।

এছাড়াও শোক জানায় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ, বিএসজেএ এবং বাফুফে।