সাড়ে আট মাসে সর্বনিম্ন মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৫২

দেশে করোনা ভাইরাসে গত এক দিনে আট জনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন। সবশেষ গত বছরের ৮ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন সাত জনের মৃত্যুর খবর এসেছিল। আর ৯ মে আট জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকালের আট জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৭ হাজার ৯৫০ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায়              আরো ৬৫৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৬১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৮৫ হাজার ৬৬৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।