বাবার বিদায়ের আগেই বাগ্দান সারলেন ট্রাম্পকন্যা টিফানি

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৫২

চার বছরের আলোচিত ও উত্তেজনাপূর্ণ মেয়াদ শেষে বিদায় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; কিন্তু তার বিদায়ের আগে সুখবর দিলেন ছোট মেয়ে টিফানি। মঙ্গলবার প্রেমিক মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের খবর নিজেই জানান টিফানি।

এদিন হোয়াইট হাউজে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে অনেক ঐতিহাসিক অনুষ্ঠান, মাইলফলক উদ্যাপন এবং নিত্যনতুন স্মৃতির প্রতিটি ক্ষণই ছিল সৌভাগ্যের; কিন্তু প্রিয় মাইকেলের সঙ্গে বাগদানের চেয়ে আর কিছুই এত বিশেষ নয়। জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শিহরিত!          একই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন মাইকেল বুলোসও। সেখানে তিনি লিখেছেন, আমার জীবনের ভালোবাসার সঙ্গে বাগদান সেরে ফেললাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের জন্য মুখিয়ে আছি।

ছবিতে হোয়াইট হাউজের বারান্দায় কালো পোশাকে বুলোসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে টিফানিকে। তার হাতের আঙুলে জ্বলজ্বল করছিল বাগদানের আংটি।

সিএনএনের খবরে বলা হয়েছে, টিফানি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান। প্রথমদিকে ক্যালিফোর্নিয়ায় ম্যাপলসের কাছেই বেড়ে উঠেছেন তিনি। গত বছর টিফানি জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক পাশ করেছেন। অন্যদিকে টিফানির বাগদত্তা মাইকেল বুলোস এক ধনী শিল্পপতির ছেলে।