পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান সম্প্রতি জব্দ করেছে মালয়েশিয়া। বিমানটি নিয়ে যুক্তরাজ্যের আদালতে একটি মামলা চলমান রয়েছে। এই মামলার জেরেই উড়োজাহাজটি জব্দ করা হয়। পিআইএ কর্তৃপক্ষের বরাত দিয়ে ডনের এক খবরে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি জব্দ করা হয়। এরপর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে পাকিস্তানগামী উড়োজাহাজটির যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়। পিআইএর এক কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজটির ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের লিজ-সংক্রান্ত বিরোধ নিয়ে মামলাটি চলছে।
পিআইএ এক বিবৃতিতে জানিয়েছে, একতরফা সিদ্ধান্ত নিয়ে উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। পাকিস্তান সরকারের সহায়তায় বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান করা হবে।
পিআইএ মুখপাত্র আবদুল্লাহ এইচ খান বলেন, একটি আদালতের সিদ্ধান্তে উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। পিআইএর আইনজীবীরা মালয়েশিয়ার আদালতে বিষয়টি মোকাবিলা করছেন। আশা করছি, শিগগির এ সমস্যার সমাধান হবে। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। তার আগ পর্যন্ত উড়োজাহাজটি মালয়েশিয়ায় থাকবে।
