রাজশাহীতে বিয়ে করে জামিন পেলেন ধর্ষণ মামলার আসামি

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৫৫

রাজশাহীতে বিচারকের উপস্থিতিতে শিক্ষানবিশ আইনজীবীকে বিয়ে করে জামিন পেলেন ধর্ষণ মামলার আসামি চিকিত্সক এস এম সাখাওয়াত হোসেন রানা (৪৬)। গতকাল বুধবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে আসামিকে জামিন দেন আদালতের বিচারক মো. মনসুর আলম। এই বিয়েতে ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হলে এর অর্ধেক ২৫ লাখ টাকা নগদে পান নববধূ।

জানা যায়, আসামি এস এম সাখাওয়াত হোসেন রানা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার। ভিকটিম (২৭) রাজশাহী বারের শিক্ষানবিশ আইনজীবী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া মহল্লায় বান্ধবীর বাসায় সাবলেট থাকেন। অন্যদিকে ডা. রানা মহানগরীর টিকাপাড়া এলাকায় ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। তার স্ত্রী-সন্তান রয়েছে। তাদের দুজনেরই লেখালেখির অভ্যাস রয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রাজশাহীর এক ছাপাখানায় তাদের পরিচয়। ফেসবুকের মাধ্যমে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঐ আইনজীবী নারীকে ধর্ষণের অভিযোগে গত ২৫ জুলাই তিনি গ্রেফতার হন। এরপর থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারেই ছিলেন। গত ১২ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। প্রায় ছয় মাস কারাগারে থেকে অবশেষে বিয়ের শর্তে জামিন পেলেন তিনি।