আমার বাবা একজন সহানুভূতিশীল মানুষ ----------বাইডেন কন্যা

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০২:০৫

টিভিতে প্রথম সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়ে অ্যাশলে বাইডেন (৩৯) বলেন, ‘আমি খুব গর্বিত যে, আমার বাবা একজন সহানুভূতিশীল মানুষ। তিনি অন্যের কষ্ট বুঝেন এবং অন্যের কষ্টে ব্যথিত হন। সন্তান হিসেবে এটি আমাকে এক অহংকারের জায়গা তৈরি করেছে। মঙ্গলবার ‘টুডে’ নামে এক টক শোতে তিনি এ কথা বলেন। খবর ইন্ডিপেনডেন্টের

বাবার অভিষেকের এক দিন আগের এই অনুষ্ঠানে বাইডেনকন্যা বলেন, ফার্স্ট লেডি হওয়ার আগে আমার মা জিল বাইডেন হোয়াইট হাউজে চায়ের দাওয়াতে গিয়েছিলেন। সেখানে প্রথা অনুযায়ী বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মায়ের সঙ্গে সাক্ষাত্ করার কথা ছিল। কিন্তু তা করেননি মেলানিয়া। বিষয়টি দুঃখজনক। তবে এতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু ক্যাপিটল হিলে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার জন্য তিনি দুঃখ পেয়েছেন। তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন সিনেটর হিসেবে সেখানে কাজ করেছেন। ছোটবেলা থেকেই আমি সেখানে যাতায়াত করেছি। অনেক স্মৃতি আছে আমার। যখন দেখলাম ট্রাম্প সমর্থকদের কাণ্ড তখন বিশ্বাস করতে পারছিলাম না। এটি সত্যই ভয়াবহ ছিল। একপর্যায়ে তিনি তার বাবার          শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। এ নিয়ে সাক্ষাত্কার গ্রহণকারী বুশ হেগার প্রশ্ন করেন তাহলে কি তিনি এজন্য ভয়ে আছেন? এর উত্তরে তিনি বলেন, কিছুটা তো ভয় থেকেই যায়। যদিও বর্তমানে নিরাপত্তাব্যবস্থা খুব কড়াকড়ি করা হয়েছে। সে বিবেচনায় অতটা ভয়ের কারণ নেই।