কাভার্ডভ্যানে করে তেজগাঁওয়ের জেলা ইপিআই স্টোরে নেওয়া হয়েছে ভারতের দেওয়া ২০ লাখ ডোজ করোনার টিকা। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে টিকাবাহী কাভার্ডভ্যান দুটি ইপিআই স্টোরের দিকে রওনা হয়। পরে দুপুর ১টার দিকে ইপিআই স্টোরে পৌঁছায়।
এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১টা ৩৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার পাঠানো ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে গ্রহণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আরও পড়ুন: ভারতের উপহারের ২০ লাখ ভ্যাকসিন গ্রহণ করলেন স্বাস্থ্যমন্ত্রী
জানা গেছে, জাতীয় পরিকল্পনার সঙ্গে এই ২০ লাখ টিকা যুক্ত করা হবে। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টিকা দেওয়া শুরু হবে।
বাংলাদেশে নতুন করোনা ভাইরাসের টিকা আসার পর প্রথম দিনে ২০ থেকে ২৫ জনের ওপর তা প্রয়োগ করা হবে। আগামী ২৭ থেকে ২৮ জানুয়ারি টিকা প্রয়োগ শুরু হতে পারে।
টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্বাচন করা হয়েছে। সেখানে ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচডি

