নতুন বছরে রোশানের হ্যাট্টিক

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৫০

চিত্রনায়ক জিয়াউল রোশান এরইমধ্যে বেশকিছু ছবিতে অভিনয় করে নিজের অভিনয় যোগ্যতার জানান দিয়েছেন। দর্শকমহলেও বেশ সাড়া ফেলেছেন তিনি। পরিচালক-প্রযোজকরাও তার ওপর ভরসা রাখছেন দ্বিধাহীনভাবে। এরই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কয়েকটি ছবি। এছাড়া সরকারি অনুদানের দুটি ছবির শুটিং নিয়েও চলছে তার নিয়মিত ব্যস্ততা। এরই মধ্যে নতুন বছরে নতুন খবরে এলেন রোশান। একসঙ্গে ৩টি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। গতকাল এক মহরত অনুষ্ঠানে এই ছবিগুলোতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।  

জানা গেছে, ‘রিভেঞ্জ’, ‘গুলশানের চামেলী’, ও ‘ফাইটার’ শিরোনামের ৩টি ছবিই পরিচালনা করবেন মো. ইকবাল। বছরের শুরুতে এমন কাজে যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বসিত রোশান। তিনি বলেন, ‘এখন যারা নিয়মিত ছবি করছেন তাদের মধ্যে ইকবাল ভাই অন্যতম সফল প্রযোজক। তার ছবিতে কাজ করা আমার ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট। তিনি আমাকে যে প্রত্যাশা নিয়ে ডেকেছেন, আশা করি তার যথাযথ মূল্য দিতে পারবো। তাছাড়া গল্পগুলো শুনে আমার খুব পছন্দ হয়েছে। ছবিগুলোতে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে আমাকে। আশা করছি নতুন রোশানকে নিয়ে দর্শকদের সামনে হাজির হতে পারবো।’ তবে আগামী ফেব্রুয়ারিতে ‘ফাইটার’ ছবিটির মাধ্যমে কাজ শুরু হওয়ার কথা জানা গেলেও ছবিগুলোতে নায়ক রোশানের নায়িকা কে বা কারা থাকছেন সে বিষয়ে খোলাসা করেননি সংশ্লিষ্ট কেউই।