বাইডেনের অভিষেক অনুষ্ঠানে কবিতা পড়া কে এই কবি আমান্ডা?

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২০:২৬

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকে পড়া নিজের লেখা কবিতায় ‘ঐক্য ও একতার’ ডাক দিয়েছেন তরুণ কবি আমান্ডা গোরম্যান। ২২ বছর বয়সি এ তরুণী বুধবার ওয়াশিংটন ডিসিতে অভিষেকে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি এবং তাদের পাশাপাশি টেলিভিশনে যোগ দেওয়া বিশ্বের অসংখ্য মানুষকে নিজের লেখা কবিতা ‘দ্য হিল উই ক্লাইম্ব’ শুনিয়েছেন। দেশটিতে প্রেসিডেন্টের অভিষেকে নিজের কবিতা পড়া কবিদের মধ্যে তিনিই এখন সর্বকনিষ্ঠ।

কবিতায় আমান্ডা নিজেকে পরিচয় করিয়ে দেন এইভাবে, ‘হাড্ডি-চর্মসার কৃষ্ণাঙ্গ মেয়ে যার স্বপ্ন প্রেসিডেন্ট হওয়ার। যার পূর্বপুরুষ ছিল দাস এবং বড় হয়েছে একাকী মার (সিঙ্গেল মাদার) হাতে।’ ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রথম ‘ন্যাশনাল ইয়ুথ পোয়েট লরিয়েট’ হওয়া আমান্ডা বাইডেনের অভিষেকে কবিতা পড়ে রবার্ট ফ্রস্ট, মায়া অ্যাঞ্জেলু, মিলার উইলিয়ামস, এলিজাবেথ আলেক্সান্ডার ও রিচার্ড ব্লাঙ্কোর মতো কবিদের পদাঙ্ক অনুসরণ করলেন। এরা সবাই কোনো না কোনো প্রেসিডেন্টের অভিষেকে আবৃত্তি করেছিলেন। হার্ভার্ডে সমাজবিজ্ঞান পড়া  আমান্ডান তার প্রথম বই ‘দ্য ওয়ান ফর হুম ফুড ইজ নট এনাফ’ প্রকাশিত হয় ২০১৫ সালে ।

‘দ্য হিল উই ক্লাইম্ব’ দিয়ে বাইডেনের অভিষেক অনুষ্ঠান মাতানো আমান্ডা ও তার কবিতার উচ্ছ্বসিত প্রশংসা চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। মার্কিন উপস্থাপক ও অভিনেত্রী অপরাহ উইনফ্রে টুইটারে লিখেছেন, ‘আরেক তরুণীর উত্থান দেখে তিনি আর কখনোই এত গর্বিত হননি।’ আমান্ডার ‘শক্তিশালী ও শানিত’ শব্দের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, ‘দ্যুতি ধরে রাখো আমান্ডা।’