ফেনী নদী

মিরসরাইয়ে থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩৩

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ফেনী নদী তীরসংলগ্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। গত ২১ নভেম্বর দৈনিক ইত্তেফাকে এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশের পর করেরহাট এলাকায় দেড় মাস বালু উত্তোলন বন্ধ ছিল। গত কয়েক দিন থেকে ফের করেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জয়পুর পূর্ব জোয়ার এলাকায় ফেনী নদীর তীরের চর থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন শুরু হয়েছে। এতে হুমকিতে পড়েছে ঐ এলাকার নদীর তীরসংলগ্ন তিন ফসলি কৃষিজমি ও স্থানীয় মানুষের ঘরবাড়ি। সরেজমিনে গত সোমবার পূর্ব জোয়ার গ্রামে গিয়ে দেখা যায়, কয়েকটি ড্রেজার দিয়ে ফেনী নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় জয়পুর পূর্ব জোয়ার গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী (৫০) ইত্তেফাককে জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা গত কয়েক দিন থেকে ১০/১২টি ড্রেজার দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের বাড়িসংলগ্ন ফেনী নদীর তীর থেকে বালু উত্তোলন করছে। ফেনী নদীর তীর ঘেঁষে এভাবে বালু উত্তোলন করতে থাকলে কিছুদিনের মধ্যে আমাদের বাড়িও ফেনী নদীতে তলিয়ে যাবে। এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ফেনী নদীর মিরসরাই অংশে ইজারাকৃত স্থানের বাইরে কেউ বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি করেরহাট গিয়ে বালু উত্তোলনের স্থানগুলো পরিদর্শন করব। কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।