পরিবেশ অধিদপ্তরের অভিযানে বৃহস্পতিবার ঝিনাইদহের ১০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এনিয়ে গত দুই দিনে জেলার সদর, হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও চারটি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিন সকালে শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার। এ বিষয়ে উপপরিচালক সাঈদ আনোয়ার বলেন, যে ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমোদন নেই সেসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
