জামালপুরের ইসলামপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক জন রিকশা আরোহীর প্রাণ গেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঋষিপাড়া রেলক্রসিংয়ে রিকশাযোগে পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে আগত ঢাকাগামী কমিউটার-২ ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। নিহত জয়নাল জামালপুর পৌর এলাকার চামড়া গুদামের খলিলুর রহমানের ছেলে। তিনি জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন। দুর্ঘটনায় আহত রিকশা চালক খলিলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
