সার্জেন্টের ওপর হামলাকারী নাটোর থেকে গ্রেফতার

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩৮

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের ওপর হামলাকারী বেলাল হোসেনকে নাটোর থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ১টার সময় নাটোর হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নগরীর রাজপাড়া থানায় মামলা হয়। মামলার বাদী আহত ট্রাফিক সার্জেন্ট বিপুল ভট্টাচার্য নিজেই। একমাত্র আসামি হামলাকারি বেলাল হোসেন নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ার শামসুল হকের ছেলে। সার্জেন্ট বিপুল এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, বুধবার রাতে নাটোর থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে সার্জেন্ট বিপুলের ওপর হামলার ঘটনা ঘটে। তার দুই হাতে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি। হেলমেট না পরা এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকার কারণে মামলা দিতে প্রস্তুতি নিলে আচমকা চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন বেলাল হোসেন।