পিরিয়ড অস্বাভাবিক নয়

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৫৩

পিরিয়ড বা ঋতুস্রাব খুবই সাধারণ একটি ঘটনা। সাধারণত ১০ থেকে ১৩ বছর বয়সের মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়। তবে কারো কারো ক্ষেত্রে এর আগে বা পরেও হতে পারে। প্রত্যেক মাসে কয়েকটা দিন প্রাপ্তবয়স্ক মেয়েদের এই ঘটনার সম্মুখীন হতে হয়। এটা প্রাকৃতিক হলেও বর্তমান সমাজে পিরিয়ডকালীন দিনগুলোতে একটা মেয়েকে এমনভাবে থাকতে হয় যেন সে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছে। নিজেকে আড়ালে রাখতে চায় অনেকে। এটা স্বাভাবিক হলেও এটা নিয়ে যেন লজ্জার শেষ নেই। একটা মেয়ের মা হওয়া পুরোপুরি নির্ভর করে পিরিয়ডের ওপর। তাই গর্ভাবস্থায় একজন নারীর যেরকম খেয়াল রাখা ও সেবা করা প্রয়োজন, ঠিক তেমনই পিরিয়ডকালীন দিনগুলোতেও একজন মেয়ের খেয়াল রাখা ও সেবা পাওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে এসেও মানুষের মধ্যে সেই প্রাক যুগের চিন্তাচেতনা। অনেক মা-বাবা তাঁদের মেয়েদের পিরিয়ডের দিনগুলোতে লুকিয়ে রাখতে চান। তাঁরা এই স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিকতায় রূপ দেন। এ সময় প্রত্যেকটা মেয়ের প্রতি সচেতন থাকা উচিত। বেশি করে পানি খাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, পুষ্টিকর খাবার খাওয়া, কাপড় বা তুলো নয়—স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা, ভারী কোনো কাজ না করা ইত্যাদি বিষয়ে মেয়ে এবং তার পরিবারের দৃষ্টি রাখতে হবে।

ইসরাত জাহান

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,

চট্টগ্রাম কলেজ