তারুণ্যের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গ্রামবাংলার আবহমান চিত্র যেন নতুন এক অনুভূতির জন্ম দেয়। মুক্তিযুদ্ধকে দেখেনি, কিন্তু মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে চিত্রকল্পের বাস্তব রূপ দিল দেশের চার শতাধিক তরুণ। যাতে প্রতিফলিত হয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্য। সেখান থেকে বাছাই করে ৭১টি ছবির প্রদর্শনী যেন এক নতুন সম্ভাবনার কথা জানান দিচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। করোনাকালীন সময়ে তরুণদের সৃজনশীলতার বিকাশ সাধনে এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখে বলে জানান সংশ্লিষ্টরা। তরুণদের আঁকা ছবিগুলো থেকে বাছাই করা ৭১টি ছবি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। গত ১৭ জানুয়ারি পিকেএসএফ ভবনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনঊদ্দীন আবদুল্লাহ প্রদর্শনীটির উদ্বোধন করেন। পিকেএসএফের সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুবদের আঁকা ছবি নিয়ে পিকেএসএফ ভবনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন, গোলাম তৌহিদ এবং এ কিউ এম গোলাম মাওলা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি আজ শেষ হচ্ছে।
পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে দেশব্যাপী তরুণদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়।
পিকেএসএফের সিনিয়র জিএম মশিয়ার রহমান জানান, প্রতিযোগিতার প্রথম পর্যায়ে বাছাইকৃত ৭১টি ছবি থেকে ১০টি ছবি পুরস্কার প্রদানের জন্য নির্বাচন করা হবে।
