গাজীপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়াল বাথান এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান আটক করে। পরে ঐ কাভার্ড ভ্যানের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৫০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পুলিশ মাদক বহনকারী সেলিম ও গাড়িচালক কাউসারকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলগুলো লালমনিরহাট জেলার কালিগঞ্জ এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলার বিসিক এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
