গত নভেম্বরে বঙ্গবন্ধু টি-২০ কাপে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন মুমিনুল হক। পরে সংযুক্ত আরব আমিরাতে তার আঙুলে সফল অস্ত্রোপচার হয়েছিল। চলতি মাসের শুরু থেকে মাঠে ফিরে জিম, রানিং করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে না পাওয়ার সংশয় এখন কেটে গেছে। আঙুলে অস্ত্রোপচারের পর গতকাল প্রথমবার ব্যাটিং করেছেন মুমিনুল।
মিরপুর স্টেডিয়ামের ইনডোরে বোলিং মেশিনে, নেটে পেস বোলার, স্পিনারদের বিরুদ্ধেও ব্যাটিং করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গতকাল বিকেলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, ব্যাটিংয়ের সময় ব্যথা অনুভব করেননি। মুমিনুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ (গতকাল) প্রথমবার ব্যাটিং করলাম। ব্যথা অনুভূত হয়নি। বোলিং মেশিনে গতি কম করে ব্যাটিং করেছি। পেসার, স্পিনারদের বিপক্ষেও ব্যাটিং করেছি। অস্ত্রোপচার হয়েছে তো, এখনো কিছু জড়তা, ভয় কাজ করেই। আশা করি ধীরে ধীরে কেটে যাবে। ফিল্ডিংটা আরো কয়েক দিন পর শুরু করব।’
এদিকে গত বুধবার টিম হোটেলে উঠে গেছে টেস্ট দলের ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত হয়েছেন মুমিনুল, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, সাইফ হাসানরা। গতকাল সকালে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন তারা। একই দিনে তৃতীয়বার করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন মুমিনুলরা। এর আগে গত ১৭ ও ১৯ জানুয়ারি দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছিলেন তারা।
