ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রস্তুতকৃত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ক্রয় করা টিকাও শিগিগরই পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে আসবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক অ্যালামনাইদের এক আন্তর্জাতিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পারাটা সত্যিই আমার জন্য অনেক কষ্টের, খুব দুঃখের। মনটা পড়ে আছে সেই বিশ্ববিদ্যালয়ে। এ পরিস্থিতি থাকবে না। ইতিমধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমরা ভারত থেকে উপহারস্বরূপ পেয়েছি। এজন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে এসে পৌঁছাবে। করোনা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছি। এ অবস্থা থেকে মুক্তি পাব—সেটাই আমরা আশা করি।
