চট্টগ্রামে ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে বিএনপি যুবদলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২২:৩৯

নগরীর কাজীর দেউড়িতে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপি ও যুবদলের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরো  অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার  চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।  

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, কাজীর দেউড়ি নাসিমন ভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি অফিস থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়-সাত জন আহত হয়। 

এদিকে নগরীর কাজীর দেউড়ি বিএনপি কার্যালয়সংলগ্ন এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের ওপর উদ্দেশ্যমূলকভাবে হামলা করেছে বলে অভিযোগ করেছেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। গতকাল বৃহস্পতিবার  চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া।