রাজধানীতে বৃদ্ধাকে নির্যাতন ও মালামাল লুট

অবশেষে ঠাকুরগাঁও থেকে সেই গৃহকর্মী গ্রেফতার

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২২:৪২

রাজধানীর মালিবাগে বৃদ্ধা গৃহকত্রীকে বিবস্ত্র ও নির্যাতন করে বাসা থেকে স্বর্ণালংকার ও মালামাল লুট করে পালিয়ে যাওয়া গৃহকর্মী রেখা আখতার অবশেষে গ্রেফতার হয়েছে। রাজধানীর শাজাহানপুর থানা পুলিশ গতকাল ভোরে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল থেকে তাকে গ্রেফতার করে। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে নির্যাতনকারী গৃহকর্মীকে গ্রেফতারে অভিযান অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে মামাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় লুট হওয়া ৬০ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মালামাল। চুরি করা টাকার মধ্যে ১ লাখের বেশি সে খরচ করে ফেলেছে।

উল্লেখ?্য, গত ১৯ জানুয়ারি রাজধানীর মালিবাগে একটি ফাঁকা বাসায় নির্মম নির্যাতনের শিকার হন বৃদ্ধা বিলকিস বেগম (৭০)। গৃহকর্মী রেখা ভুক্তভোগীকে প্রথমে বিবস্ত্র করে পরে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে বাসা থেকে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণী প্রথমে কম্বল মোড়ানো কারো পা টিপে দিচ্ছে। কিছুক্ষণ পরেই দেখা যায়,    সে এক বৃদ্ধাকে বিবস্ত্র করে লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করছে। বৃদ্ধা আর্তনাদ করছেন এবং তার মাথা দিয়ে রক্তপাত হচ্ছে। একপর্যায়ে বৃদ্ধাকে জোর করে টেনে নিয়ে আলমারি খুলে জিনিসপত্র ব্যাগে ভরছে। এর পর নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় ঐ গৃহকর্মী। বৃদ্ধা মায়ের দেখাশোনা করার জন্য রেখাকে ঐ বাসায় রাখে বিলকিস বেগমের সন্তানরা। কিন্তু তার হাতেই নির্মম নির্যাতনের শিকার হন বৃদ্ধা। এ ঘটনায় বিলকিস বেগমের মেয়ে মাহবুবা বেগম বাদী হয়ে রাজধানীর শাজাহানপুর থানায় হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা করেন। শাজাহানপুর থানার ওসি জানান, টাকা ও মালপত্র লুট করার পর রেখা প্রথমে ঢাকার ডেমরা এলাকায় আশ্রয় নেয়। পরে ঠাকুরগাঁও পালিয়ে যায়। পুলিশ তার সহযোগীদেরও খোঁজ করছে।