বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের সিনিয়র রিপোর্টার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য আফজালুর রহমান করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকাল ৪টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি মা-বাবা, এক ভাই, দুই বোন রেখে গেছেন। আফজালুর রহমান গত ৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে লাশ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
