জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে এসপির অশোভন আচরণ

প্রিজাইডিং অফিসারকে কতিপয় পুলিশের হুমকি

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২২:৪৪

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের অশোভন আচরণের সাক্ষী ছিলেন একজন প্রিজাইডিং অফিসার। আদালত অবমাননার অভিযোগে ঐ এসপিকে বুধবার তলব করে হাইকোর্ট। তলব আদেশের পর কতিপয় পুলিশ সদস্য তাকে থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয় ও ভয়ভীতি প্রদর্শন করে বলে হাইকোর্টে অভিযোগ করেছেন প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান আলী। ঐ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার ও তার পরিবারকে হয়রানি না করা এবং সকল ধরনের নিরাপত্তা বিধানে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৫ জানুয়ারি এই আদেশটি এসপিকে তলবের আদেশ দেওয়া বেঞ্চে উপস্থাপনের জন্য প্রিজাইডিং অফিসারের কৌঁসুলি আইনজীবী ইশরাত হাসানকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন শাহজাহান আলী। তিনি আদালতে বলেন, এসপিকে হাইকোর্টের তলব আদেশের পর                বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পুলিশের কতিপয় সদস্য তাকে থানায় ডেকে নেন। প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এরপর বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর নেয়। এমনকি তার বাসায় সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীর লোকজন গিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

তার বক্তব্যের পর আইনজীবী ইশরাত হাসান বলেন, আদালত অবমাননার রুল ইস্যুকারি বেঞ্চ আজ বিচারিক কার্যক্রমে নেই। দুই দিন সাপ্তাহিক ছুটি। এমন পরিস্থিতিতে শাহজাহান জীবনের নিরাপত্তা চেয়েছেন। এরপর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পীর বক্তব্য শুনে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়। আদালত বলেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বেঞ্চ বিচার কার্যক্রমে না থাকায় এক জন নাগরিকের নিরাপত্তা বিধান ন্যায়সঙ্গত মনে করছি।

বুধবার কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে তলব করে হাইকোর্ট। আগামী ২৫ জানুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এছাড়া আদালত অবমাননার অভিযোগে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে রুল জারি করে হাইকোর্ট।