বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮ জন

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০০:৫৩

ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার একটি উন্মুক্ত বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। খবর আলজাজিরার

মন্ত্রণালয় জানায়, প্রথম হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তাড়াতাড়ি তার কাছাকাছি জড়ো হয়। এরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী। সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজাবি বলেন, বাগদাদের কেন্দ্রস্থল তাইরান স্কোয়ারের কাছে বাব-আল শারজি মার্কেটে ঐ বোমা হামলাগুলো ঘটে। মেডিক্যাল সূত্রগুলো জানায়, এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর সেখানে দ্রুত সেবা দিতে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের পরে এটি বাগদাদে প্রথম কোনো বড় ধরনের আত্মঘাতী হামলা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা এই ধরনের অনেক ছোট ছোট হামলা চালিয়ে আসছে।