দেশের ৬৮ কারাগারে বন্দি ৮২ হাজার ৬৫৪ জন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০০:৫৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংসদকে জানিয়েছেন, দেশের ৬৮টি কারাগারে বর্তমানে ৮২ হাজার ৬৫৪ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৪৫৪ এবং মহিলা ৩ হাজার ২০০ জন (এ বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত)। গতকাল বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের জনসংখ্যা অনুপাতে কারাগারের ধারণক্ষমতা কত হবে—সে বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো মানদণ্ড নেই। দেশের ৬৮টি কারাগারের বর্তমান বন্দি ধারণক্ষমতা ৪২ হাজার ৪৫০ জন। কারাগারের ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অতি পুরাতন, জরাজীর্ণ কারাগারসমূহকে বৃহত্ আকারে নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান আছে।

পরীক্ষা ছাড়া সনদের বিল পাশে সংসদীয় কমিটির সায় : মহামারিসহ বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে উত্থাপিত তিনটি পৃথক বিল পাশের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিল তিনটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে পাশের সুপারিশ করে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশা বিল তিনটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করে তা পাশের সুপারিশ করেন।