যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের অফিসসহ বিভিন্ন ভবনে ভাঙচুর, বিক্ষোভ

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০১:১২

জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি শহরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পোর্টল্যান্ডে ডেমোক্রেটিক পার্টির অফিসে ভাঙচুর, ডেনভারে মার্কিন পতাকা পোড়ানো এবং সিয়াটলে বিক্ষোভের সঙ্গে বিভিন্ন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর ডেইলি, সিএনএন ও রয়টার্সের

অরেগন রাজ্যের পোর্টল্যান্ড শহরের ডেমোক্রেটিক পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরকারীরা কালো পোশাকে এবং মুখোশ পরে এসেছিল। তারা দরজা-জানালা ভাঙচুর করে এবং দেওয়ালে বিভিন্ন রং ছিটিয়ে দেয়। এর আগে তারা বিক্ষোভও করে। তাদের ব্যানারে লেখা ছিল ‘আমরা বাইডেনকে চাই না, আমরা পুলিশের হত্যা, সাম্রাজ্যবাদী যুদ্ধ এবং গণহত্যার প্রতিশোধ নিতে চাই।’ পোর্টল্যান্ডের ১৫০ জনের একটি গ্রুপ বিক্ষোভ করে। তারা পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায়। পুলিশ আট জনকে গ্রেফতার করেছে। তারা সরকারের অভিবাসন অফিসসহ অন্যান্য ভবনেও হামলা চালায়। সিয়াটলেও বিভিন্ন ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। বুধবার বাইডেনের শপথ নেওয়ার পরই এসব ঘটনা ঘটে।