মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, সিনেটে অবশ্যই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে হবে। কারণ গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জবাব অবশ্যই তাকে দিতে হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পেলোসি। প্রেসিডেন্ট বাইডেনের আমলে এই প্রথম সংবাদ সম্মেলনে আসলেন স্পিকার পেলোসি। খবর সিএনএন ও ফক্স নিউজের
পেলোসি বলেন, শিগিগরই অভিশংসনের আর্টিকেল সিনেটে পাঠানো হবে। এর আগে সিনেটকে প্রস্তুতি নিতে হবে। তবে কবে তিনি আর্টিকেলটি পাঠাবেন তা নির্দিষ্ট করে বলেননি। ফলে ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিশংসন প্রক্রিয়া কবে শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। প্রতিনিধি পরিষদের দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, শুক্রবারই প্রতিনিধি পরিষদ আর্টিকেলটি সিনেটে পাঠাতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, সিনেটে ট্রাম্পকে কে প্রতিনিধি করবে সেই আইনজীবী নিয়োগ করা হয়নি।
রিপাবলিকানরা সিনেটে ট্রাম্পকে অভিশংসনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, এর মাধ্যমে দেশে বিভক্তি বাড়বে। আবার বাইডেন অভিষেক ভাষণে ঐক্যের কথা বলেছেন। অভিশংসনের সিদ্ধান্ত হবে সেই আহ্বানের বিপরীত। তবে পেলোসি এ সম্পর্কে বলেন, আমি ঐক্য নিয়ে চিন্তিত নই। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিদ্রোহে উসকানি দিয়েছেন। তার জবাব তাকে দিতে হবে। পেলোসি বলেন, আমি মনে করি না যে, এতে ঐক্য বিনষ্ট হবে। তাই অভিংশন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রতিনিধি পরিষদে অভিশংসিত করা হয়েছে আগেই। এর আগেও গত বছর তিনি একই পরিষদে অভিশংসিত হয়েছিলেন যা যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করেছে।
