আশাফা সেলিম
আবার এলো শৈত্য
ঠান্ডা মাথার দৈত্য!
ফুটপাতে বা জীর্ণ ঘরে
গরিব পেলেই কামড়ে ধরে
হামলে পড়ে গায়ে—
সাধ্যমতো পাঞ্জা লড়ি
হয়তো বাঁচি, নয়তো মরি
আমরা মায়ে-ছায়ে!
অন্যদিকে যারাই ধনী
তারা শীতের চোখের মণি
কত্তো আরাম-আয়েস—
কী আনন্দে সারেগামা
কাশ্মীরি শাল, গরম জামা
শীতের পিঠা-পায়েস!
কেন যে তুই আসিস তেড়ে
বসিস ক’দিন আসন গেড়ে
গরিব, বৃদ্ধ খুঁজে—
তবে কি তুই একচোখা, শীত?
শুধুই নড়াস দরিদ্র-ভিত
একটি চক্ষু বুজে!
